লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় কিশোর রাসেল হোসেনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে দুই শতাধিক গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। অন্যদিকে সংঘর্ষ ও কিশোর হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে রাসেল নিহত হয়। আহত হয় পুলিশ কর্মকর্তাসহ আরো ১০/১৫ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাহুলসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। 

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, রাহুলসহ আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।