নিহতদের মধ্যে রংপুর ও ময়মনসিংহে দুজন করে, গোপালগঞ্জ, পঞ্চগড় ও বাগেরহাটে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
রংপুর: গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারসংলগ্ন জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ও তার ছেলে নির্মল চন্দ্র সরকার।
ময়মনসিংহ: গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানা এলাকায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দত্তের বাজার ইউনিয়নের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সোহেল (৪২) ও মোছা. জাহানারা বেগম (৬৫)।
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খান উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্রাইধোবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তানজিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তানজিল ইসলাম রাজ বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পঞ্চগড়: বোদা উপজেলায় বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে খুশি রানী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবা।










