ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘নেশার টাকা না দেয়ায়’ মাকে বটি দিয়ে কুঁপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গতকাল রবিবার (১৪ মার্চ) বিকেলে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ।

আর গুরুতর আহত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সায়েরা বেগম বিদ্যাকুট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, রবিবার বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া (২৫) তার মা সায়েরা বেগমের (৪৫) কাছে মাদক কেনার জন্য টাকা চায়। মাসুদের মা টাকা দিতে না চাইলে প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে ঘর থেকে বের করে দিতে চাইলে সায়েরাকে মারধর শুরু করে। এ সময় ঘরে থাকা একটি বটি-দা দিয়ে মাসুদ তার মাকে এলোপাতাড়ি কুঁপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় সায়েরাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সায়েরা বলেন, তার ছেলে মাসুদ মিয়া মাদকের টাকার জন্য প্রতিদিন অত্যাচার করেন। এ অত্যাচার থেকে বাঁচার জন্য খুব কষ্ট করে মাসুদকে টাকা জোগাড় করে দিতেন। আজ টাকা দিতে পারেনি বলে প্রথমে ঘরের কাপড়-চোপড়ে আগুন লাগিয়ে দেয়। পরে মাসুদ উত্তেজিত হয়ে বটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেন। 

এ ঘটনায় স্থানীয় লোকজন মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘাটক মাসুদকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।