‘সেইফ দ্য ফিউচার’ স্লোগান সামনে রেখে তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা তুলে ধরতে রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাট আয়োজন করেছে ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট-২০২৫ ও চার্টার নাইট’। ক্লাব প্রেসিডেন্ট একেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭টি তরুণ উদ্যোক্তা দল তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন। এ সময় অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাটের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বাছাইয়ে পাঁচটি দল ফাইনালে জায়গা করে নিলেও ডেনিম জিন্স পুনর্ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের প্রকল্প তুলে ধরে চ্যাম্পিয়ন হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন। এছাড়া দ্বিতীয় হয় রোটারেক্ট ক্লাব চিটাগং ওয়াটারফলের সুগার সাইকেল এবং তৃতীয় স্থান অধিকার করে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির জ্যাকফুট টিম।
ইনোভেটিভ বিজনেস আইডিয়া নিয়ে জানতে চাইলে ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, ‘আমাদের ক্লাব ২০১৯ ও ২০২২ সালে তরুণদের নিয়ে ক্লাবের সিগনেচার প্রজেক্ট ক্যারিয়ার ফিয়েস্তা আয়োজন করে। এর ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। তরুণরাই আমাদের সমাজের ও দেশের শক্তি, তরুণদের নিয়েই আমরা দেশকে এগিয়ে যেতে চাই, তরুণদের ব্যবসায়িক উদ্যোগে এবং আইডিয়া ফলপ্রসূ করতে কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাট।’ বিচারকমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আদনান মান্নান বলেন, ‘৩৭ দলের মধ্য থেকে শীর্ষ পাঁচটিকে বাছাই করা চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দলই চমৎকার উপস্থাপনা করেছে। তার পরও ভালো আইডিয়াকে সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
চ্যাম্পিয়ন দলের প্রতিনিধি ইয়ামিন বলেন, ‘শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ বিচারকদের সামনে আমাদের আইডিয়া উপস্থাপন করতে পেরে আমরা অনুপ্রাণিত। অনেকে আমাদের প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হওয়ায় এটি আমাদের অর্জন।’










