আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) এনসিপিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলো হল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি সচিব বলেন, এসব দল নির্ধারিত শর্ত পূরণ করেছে এবং কমিশনের যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন গণবিজ্ঞপ্তির পর কোনো পক্ষ আপত্তি না তুললে তাদের আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে।