বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করি- দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটিই আমাদের প্রত্যাশা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি- জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।
বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো প্রতিটি কমিশন জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটিই মূল কথা। সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।










