দেশের মানুষকে বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে তিনি সবার প্রতি এ আহ্বান জানান।
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, ‘দেশবাসীর কাছে আহ্বান আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারো ওপর কোনো হামলা হবে না।’
তিনি বলেন, ‘নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম দিয়েছে। আজকে আমার আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।’
ড. ইউনূস বলেন, ‘যে অবিশ্বাস্য সাহসিকতা নিয়ে আবু সাঈদ বন্দুকের সামনে দাঁড়িয়েছে। এরপর কোনো যুবক, যুবতী আর হার মানেনি। সারা বাংলাদেশ জুড়ে এ আন্দোলন ছড়িয়ে গেছে। যার কারণে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এ স্বাধীনতা রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করাই নয় এ স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। নাহলে এ স্বাধীনতার কোনো দাম নেই। এ স্বাধীনতাকে পৌঁছে দিতে হলে যে প্রতিজ্ঞা, সেটি আমাদের করতে হবে। এটি আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে।’
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘পরিবর্তন তোমাদের হাতে, তোমরা এটি মনের মতো করতে পারবে। তোমরা যেহেতু স্বাধীন করতে পেরেছো, তোমরা এটি পারবে। তোমাদের কাছ থেকে পুরো বিশ্ব শিখবে। পুরনো চিন্তা বাদ দাও, পুরনো চিন্তা দিয়ে পরিবর্তন হবে না। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে সৃজনশীলতা আছে, সে সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।’
ড. ইউনূস বলেন, ‘সরকার বলে একটা জিনিস আছে, তাতে মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার দমন-পীড়নের একটা যন্ত্র। এটা ভয়ের একটা জিনিস, তাকে কোনোমতে সামাল দিতে হবে। অথচ সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। ভাববে যে এটি আমাকে সাহায্য করতে পারে। আমাকে রক্ষা করতে পারে। সরকারকে দেখে মানুষ বলবে এ আমার লোক। এ আস্থাটা অর্জন করতে হবে।’
তিনি পুরো বাংলাদেশকে একটি পরিবার হিসেবে উল্লেখ করেন।










