চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বাড়াতে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড ( একটি পুরুষ ও একটি স্ত্রী) ও দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট আনা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ।

তিনি আরো বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরো সমৃদ্ধ হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরো পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে চিড়িয়াখানাকে অধিক আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক (উৎপাদন) ডা. মো. মাহফুজার রহমান, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, কিউরেটর ডা. মো. হাবিবুর রহমানসহ চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।