রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে কিশোরসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন মো. ইয়াকুব আলী (৩১), আব্দুল্লাহ আল মাসুম (১৭) ও অলিউল্লাহ (২১)। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি ১৫ তলা নির্মাণাধীন ভবনের মাচাং ভেঙে নিচে পড়ে যান তারা।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নির্মাণাধীন ওই ভবনে তেমন নিরাপত্তা ছিল না। তারা তিনজনই মাচাংয়ে কাজ করার সময় নয়তলা থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে যান। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

মৃত মাসুমের মামাতো ভাই জুয়েল রানা জানায়, নির্মাণাধীন ১৫ তলা ভবনের নয়তলায় বাইরের অংশে মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ মাচাংয়ের রশি ছিঁড়ে তিনজনই নিচে পড়ে যান। তাদের গুরুতর আহতাবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে মাসুম ও ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টায় মারা যান আব্দুল্লাহ আল মাসুম। আর সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান ইয়াকুব আলী। মৃত তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।