বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুদিনে সাত জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ও গতকাল পৃথক সময়ে কোস্টগার্ড মহেশখালী চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত জেলেরা হলেন—আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, হোসেন আহমদ, আজিজুল হক, মোহাম্মদ আবছার, সাইফুল ইসলাম ও মোহাম্মদ তৈয়ব। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে। এখনো খোরশেদ আলম নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরো তিনজন।

নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল পৃথক সময়ে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত সাত জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।