চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ১টি অবৈধ ট্রলিং বোট, ৫টি জাল ও ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর রাত ১টার দিকে বাঁশখালী থানার খাটখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৫টি ট্রলিং জাল ও ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
তিনি আরো জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। বোটের মালিকপক্ষের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুচলেকা নিয়ে বোটটি পরে হস্তান্তর করা হয়। এছাড়া উদ্ধার করা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করাসহ অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়েছে এবং আদায় করা জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সাগরে অবৈধ মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









