কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নোয়েলিনসহ জাতিসংঘের চার সদস্যের প্রতিনিধি উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছান। দুপুর ১২টার দিকে কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন তারা।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার ইউএনএইচসিআর, ডব্লিউএফপি ও আইওএমের চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এর আগে গতকাল সকালে নোয়েলিন হেজার বিমানে কক্সবাজার পৌঁছান। আজ তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পাঁচ বছর পূর্ণ হবে। এর ঠিক দুদিন আগে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজারের ক্যাম্প পরিদর্শন প্রত্যাবাসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে নিজ দেশে ফিরতে ইচ্ছুক সাধারণ রোহিঙ্গারা। আজ সরকারের উচ্চপদস্থদের সঙ্গে বৈঠকর পর কী সুবাতাস আসে সেদিকেই নজর রাখছেন রোহিঙ্গা নেতারা, এমনটি জানিয়েছেন কুতুপালং মধুরছরার মাঝি মৌলভি আবদুর রহিম।