কভিড-১৯ পরীক্ষা, করোনার নতুন ধরন শনাক্তসহ উচ্চতর গবেষণার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ দিয়েছে। এজন্য গতকাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবি শিক্ষক সমিতি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, জ্যেষ্ঠ অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষক সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘সম্মান অর্জন করা সহজ। কিন্তু ধরে রাখা কঠিন। সেই কঠিন দায়িত্ব এখন আপনাদের স্কন্ধে। আশা করি, শিক্ষা ও গবেষণায় আমরা যেভাবে অগ্রগতি অর্জন করেছি, অন্য সব ক্ষেত্রে এ ধারা অব্যাহত রাখতে হবে। যবিপ্রবিকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে।’
আলোচনা পর্বের আগে বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক উপাচার্যকে উত্তরীয় পরিয়ে দেন। পরবর্তীতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপাচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।









