চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করেও আশুগঞ্জ থানার বিস্ফোরক মামলার আসামি হলেন সাংবাদিক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। শনিবার (২৮ অক্টোবর) রাতে হরতালের সমর্থনে পুলিশের কর্তব্যকাজে বাধা, যানবাহন ভাঙচুরের চেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়।

মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজকে।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার থেকে ঢাকায় অবস্থান করছেন। মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি ঢাকাস্থ নিজ বাসভবনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের খেলা দেখছিলেন। স্থানীয় বিএনপি দাবি, আশুগঞ্জে সরকার বিরোধী কোনো কর্মসূচি পালিত হয়নি। এটি ভিত্তিহীন, সাজানো ও রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহামেদ বলেন, এটি উপরের নির্দেশ, দয়া করে আমাকে প্রশ্ন করে বিব্রত করবেন না।