সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে চার ঘণ্টা দেরিতে ছেড়েছে লন্ডন ও ম্যানচেস্টারগামী দুটি ফ্লাইট। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বার্ডহিটের কারণে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। বার্ড হিটে পড়লেও ৮৫ জন যাত্রী নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।
ঢাকা থেকে আসার পর ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, এ কারণে ওই রুটের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়। ঢাকা থেকে বিজি ২০৭ যোগে বিমানের কয়েকজন প্রকৌশলী সিলেট পৌঁছে ড্রিমলাইনারটি মেরামত করেন। এরপর দুপুর ২টা ৫২ মিনিটে ১৯৮ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ম্যানচেস্টারগামী অপর ফ্লাইট ১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়। দুটি ফ্লাইটের যাত্রী প্রায় ৪ ঘণ্টা বিলম্বে সিলেট ছাড়েন। এসময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এর আগে গত ৭ মার্চ সিলেট বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ধাক্কা দিলে আরেকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।










