বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে গণতন্ত্রকামী মানুষ তাদের সে ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আমরা শপথ নিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করছি সেটা অব্যাহত রাখব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করব।’
গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য দিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমরা আজ শপথ নিয়েছি, স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম সবসময় অব্যাহত রাখব।’
তিনি বলেন, ‘বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের চেয়ারপারসন ও দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহতালার কাছে দোয়া চাই। আমরা আশা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তিনি এসে গণতন্ত্রের লড়াইকে আরো বেগবান করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ড্যাব ও ছাত্র দলের পক্ষ থেকেও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেন।










