চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশে পাঠানো হয়েছে ট্রানজিটের প্রথম চালান। গতকাল রাতে খালাসের পর পণ্যের চালানটি প্রাথমিকভাবে সড়কপথে বুড়িমারী স্থলবন্দরে পাঠানো হয়। পরে সেখান থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে নেয়া হবে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেয়া হচ্ছে। ২০২৩ সালের ২২ মার্চ এ চুক্তি ও প্রটোকল সই হয়েছিল।

ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি এনএম ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল আলম খান জানান, কনটেইনারটি প্রাইম মুভার ট্রেইলারে করে সড়কপথে বুড়িমারী স্থলবন্দরে নেয়া হচ্ছে। সেখান থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে নেয়া হবে।