আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের প্রাথমিক অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরে এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে ইসি থেকে একটি গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

ইসি সচিব বলেন, ‘আমরা এ তিন দলের কাগজপত্র সঠিক পেয়েছি এবং কমিশন মনে করেছে, দল তিনটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে।’

দলগুলোর নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত গেজেট কবে প্রকাশ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘গণবিজ্ঞপ্তির মাধ্যমে অভিমত আহ্বান করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কোনো সমস্যা না থাকলে ১৪-১৫ নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব।’

২০০৮ সাল থেকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি। এবার নিবন্ধনের জন্য আবেদন করে ১৪৩টি দল। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত চালায় কমিশন। তদন্তের ভিত্তিতে সাতটি দলকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ন্যূনতম শর্ত পূরণ না করায় বাদ দেয়া হয় আরো সাতটি দলকে। এছাড়া একটি দলের (বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি) বিষয়ে হাইকোর্টের রায় এখনো অপেক্ষমাণ। কয়েকটি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে তাদের কর্মকাণ্ডের সঠিকতা না পাওয়ায়।