যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের (শুক্রবার) ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণ—সবকিছুতেই প্রমাণ হচ্ছে, আমি যা বলেছি তা সত্য হচ্ছে ধীরে ধীরে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এ দেশ ধ্বংস হয়ে যাবে।’
গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, তথ্যপ্রযুক্তি, বায়ু ও পানিদূষণ রোধ ইত্যাদি বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনাগুলো ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রত্যেকবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন সূত্রের খবর বলছে, এ ষড়যন্ত্রগুলো এখনই থেমে যাবে না। আরো খারাপও হতে পারে। আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, যেকোনো মূল্যে নির্বাচন হবে। এ পরিস্থিতি যত তাড়াতাড়ি আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই এ কাজ শুরু করা হবে। উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির অগ্রাধিকার। মানুষের মৌলিক চাহিদা পূরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’










