হেফাজতে ইসলামের ডাকা রবিবারের হরতাল সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ শনিবার জোহরের নামাজের পর ডিআইটি জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় বিক্ষোভ সমাবেশের চারদিক থেকে র্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সামাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি বশিরউল্লাহ, মাওলানা জাকির হোসেন কসেমী, মাওলানা কবির হোসেন, মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর হেফাজতে মুফতি হারুন অর রশিদসহ অনেকে।










