পল্টনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার
সাবেক ডেপুটি স্পিকার টুকু এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
পলক এবং ছাত্রলীগ নেতা সৈকতকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার
(১৫ আগস্ট) দুপুরের পরে তাদের আদালতে নেয়া হবে।
পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া জানান,
শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে
হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাদের আদালতে
হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
এর আগে, সাবেক ডেপুটি স্পিকার টুকু এবং সাবেক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে বুধবার রাতে ঢাকার খিলক্ষেতের
নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম
ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান।










