ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত বুধবার রাত সোয়া ১২টায় শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও ৪৪টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. বাবুল হোসেন (৩২), মো. সেলিম (৩২), মো. রিপন ভূঁইয়া (২৬), মো. রবিউল ইসলাম (২৬), মো. আব্দুর রশিদ (৪৫), মো. রফিকুল ইসলাম (৪০) ও মো. জাবেদ হোসেন (২৯)।

গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব ১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে পালিয়ে যায়। দীর্ঘদিন তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অন্য সহযোগীদের নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে।