সিলেটের জৈন্তাপুর উপজেলার বৃহত্তম নদী সারী। এ নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি-পাথর উত্তোলন বন্ধ, বাল্কহেড দিয়ে বালি-পাথর পরিবহন বন্ধ, নির্দিষ্ট জায়গা থেকে সরকারি রাজস্ব আদায়ের দাবিতে নৌকা দিয়ে নদীপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বালি শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে সারী নদীর ইন্দারজু এলাকায় নৌকা দিয়ে শ্রমিকরা নদীপথ অবরোধ করেন। দুপুর পর্যন্ত চলে এ প্রতিবাদ কর্মসূচি। 

সারী নদী নৌকা শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী জানান, সম্প্রতি সারী নদীর তৃতীয় অংশের মামলাভুক্ত এলাকা ছাড়া বাকি দাগগুলো ইজারা দেয় সরকার, কিন্তু উল্লেখিত দাগগুলোয় বালি পাথর না থাকায় মামলাভুক্ত দাগ থেকে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালি উত্তোলন করছেন। তারা বাল্কহেড ব্যবহার করে বালি পাথর পরিবহন করছেন। এতে স্থানীয় বালি শ্রমিকরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

সারী নদী নৌকা শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী আরো জানান, শ্রমিকদের পেটে লাথি দিয়ে যান্ত্রিক বোমা মেশিন এবং বাল্কহেড ব্যবহার করে সারী নদীতে অবৈধ কার্যক্রম চলতে দেয়া হবে না।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, শ্রমিকরা বিক্ষোভ করে আমার দপ্তরে এসেছিলেন। আমি তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।   বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।