আগামী ২৮ অক্টোবর বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

‘রাতেও আদালত বসছে’- বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করতে তিনি অনেক কথা বলেন।’

আইনমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা।