সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে আর কখনো চব্বিশের ৫ আগস্টে আগের জায়গায় ফেরত নিতে দেব না। আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে। চব্বিশের দালালদের বিরুদ্ধেও আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি।’
গতকাল দুপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন নাহিদ।
নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। এ ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। একাত্তর সালেও এ রকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছিল।’ মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে দেশ বিনির্মাণ করতে না পারায় ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও গণবিপ্লব সংঘটিত হয়েছিল বলে মনে করেন এনসিপির শীর্ষ নেতা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টা যারা করেছে, তাদের গ্রেফতার করতে না পারায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সে পরিস্থিতির দিকে যাচ্ছে।’










