নাটোরের গুরুদাসপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া ভিটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মামা ও ভাগ্নে হলেন ভিটাপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫) ও একই গ্রামের সাঈদ আলীর ছেলে মকবুল হোসেন (২২)।
স্থানীয় ইউপি সদস্য আয়ূব আলী জানান, মামা সাত্তারের বাড়ির পাশেই ভাগ্নে মকবুল হোসেনের বাড়ি। ওই বাড়ির উঠান দিয়ে রান্নাঘরের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল। গতকাল দুপুরে মামার সঙ্গে কথা বলতে তার বাড়িতে যান মকবুল। উঠানে দাঁড়িয়ে মামা-ভাগ্নে গল্প করার সময় ওই তারের ছিদ্র স্থানে তাদের হাত স্পর্শ করলে দুজনই বিদ্যুতায়িত হন। পরে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আহম্মদপুর রাহেলা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









