রাজধানীতে বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব রয়েল ল্যাবরেটরিজ কোম্পানির বিপননকর্মী ছিলেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জয়দেবকে হাসপাতালে নিয়ে যান পথচারী মুসা গাজী। তিনি জানান, বিকালে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন জয়দেব। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী মিজানুর রহমান। তিনি বলেন, জয়দেব আমার বন্ধু ও সহকর্মী। আমরা একই প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। বিকালে ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে এসে জানতে পারি, তিনি মারা গেছেন। জয়দেবের দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তার পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বণিক বার্তাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম জানা গেলেও পুরো পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৌমিতা পরিবহনের বাস দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।