বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ও হাসপাতালে চলাচলের সময় তার নিরাপত্তায় পুলিশ চেয়ে সংশ্লিষ্ট দুটি দপ্তরে চিঠি দিয়েছিল বিএনপি। জননিরাপত্তা সচিবের কাছে গতকাল ও পুলিশ মহাপরিদর্শকের কাছে গত বুধবার চিঠি দুটি পাঠানো হয়। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও তখন থেকে তার নিয়মিত পুলিশি নিরাপত্তা ছিল না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন গুলশান বাসভবন ও চলাচলের নিমিত্ত পুলিশ এসকর্ট বরাদ্দসহ যথোপযুক্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।