রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এসে পৌঁছেছে তিনটি কার্গো জাহাজ। গতকাল ভোরে বন্দরের পশুর নদে কয়লা নিয়ে এমভি শ্যামল বাংলা, এনামুল হোসেন ও আল বেরুনি সৈকত-২ নামের তিনটি জাহাজ নোঙর করে। আল বেরুনি সৈকত-২ জাহাজের মাস্টার কবির ফরাজি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩ জুলাই কলকাতা বন্দর থেকে এমভি শ্যামল বাংলা কার্গো জাহাজটিতে ১ হাজার ৮৫৫ টন কয়লা লোড করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনিত কুমার। এরপর ৪ জুলাই এমভি এনামুল হোসেন ও ৫ জুলাই এমভি আল বেরুনি সৈকত-২ জাহাজে কয়লা বোঝাই করে ৮ জুলাই কলকাতা বন্দর থেকে জাহাজ তিনটি একযোগে ছেড়ে আসে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপপরিচালক রেজাউল করিম জানান, তিন-চারদিনের মধ্যে মোংলা কাস্টমস হাউজের পরীক্ষণ ও শুল্ক পরিশোধ শেষে কয়লা খালাস করা হবে।









