আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন হচ্ছে আজ বুধবার (১ নভেম্বর)। সকাল ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে আন্তঃসীমান্ত ডুয়েলগেজ রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে সোমবার (৩০ অক্টোবর) প্রথমবারের মতো আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের দুই চালকসহ ছয় কর্মকর্তা নিয়ে বাংলাদেশের একটি পণ্যবাহী ট্রেন প্রথমবারের মতো  ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নিশ্চিন্তপুরে পৌঁছায়। এর মধ্যে দিয়ে এই রেলপথটি চূড়ান্তভাবে ট্রেন চলাচলের জন্যে উপযোগী বলে নিশ্চিত করেন রেলওয়ে কর্মকর্তারা।

পণ্যবাহী ট্রেনের পাঁচটি বগি নিয়ে বাংলাদেশ রেলওয়ের লাকসাম সেকশনের ট্রাফিক ইন্সপেক্টর মো. মঈন উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গঙ্গাসাগর স্টেশন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নিশ্চিন্তপুরের উদ্দেশে রওনা দেয়। প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটি ভারত- বাংলাদেশের শূন্যরেখা শিবনগরে পৌঁছায়। পরে সেখান থেকে ভারতীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেনটি দুপুর ১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার নিশ্চিন্তপুরে পৌঁছে যায়।

গঙ্গাসাগর ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এই রেলপথের মাধ্যমে ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই গুরুত্ব বহন করবে। যাত্রী পরিবহন শুরু হলে উভয় দেশের মানুষ পর্যটন এবং চিকিৎসার ক্ষেত্রে সহজে যাতায়ত করতে পারবে। প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৪৭৭ কোটি টাকা।