করোনা টিকার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ না রেখে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, একটি পক্ষ গুজব ছড়িয়েছিল। কিন্তু মানুষ সেই গুজব বিশ্বাস করেনি। তাই টিকাদান কেন্দ্রে ভেকসিন নিতে মানুষ প্রতিদিন ভিড় করছে। দৈনিক অন্তত দুই লাখ মানুষ টিকা নিচ্ছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
টিকার ব্যাপারে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে গণমাধ্যমকর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকার ব্যপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় দুই সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, স্বাস্থ্যসচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা সভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে নারায়ণগঞ্জে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ কিমস কেয়ার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা ও প্রমিতা প্রসাদ সাহাসহ অনেকে।










