সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নেয়া টাইগাররা তিন ফিফটিতে ৬ উইকেটে ২৯৪ রান তুলতে সমর্থ হয়। এই রান তাড়া করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারালেও পরে অধিনায়ক শাই হোপ ও কিসি কার্টির ৬৭ জুটিতে বিপর্যয় সামাল দেয় ক্যারিবীয়রা। কার্টি ২১ রান করে সাজঘরে ফেরার পর হোপের সঙ্গে যুক্ত হন শেরফান রাদারফোর্ড। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৭ ওভারে ৩ উইকেটে ১১৫ রান। হোপ ৫১ ও রাদারফোর্ড ১২ রানে ব্যাট করছিলেন।
এর আগে ৪৬ রানে ২ উইকেট পতনের পর তানজিদ হাসান তামিমকে নিয়ে হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৯৭ বলে ৭৯ রানের লড়াকু এক জুটিতে দলের সংগ্রহ একশ পার করে নেন এই দুজন। তানজিদ ৬০ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬০ রান করে আলজারি জোসেফের শিকার হন।
জুটি ভাঙার পরও দায়িত্ব শেষ করেননি মিরাজ। আফিফ হোসেনকে নিয়ে আরেকটি ফিফটি রানের জুটি গড়েন তিনি। ৬২ বলে ৫৪ রান যোগ করেন দুজন। আফিফ ২৯ বলে ২৮ রান করে রোমারিও শেফার্ডের শিকার হন। মাহমুদউল্লাহকে নিয়ে ২২ বলে ১৯ রান যোগ করে সাজঘরের পথ ধরেন মিরাজও। তিনি ১০১ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৪ রান করে জেইডেন সিলসের শিকার হন। শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে শেরফান রাদারফোর্ডকে ক্যাচ দেন তিনি (১৯৮/৫)।
শেষ ১২ ওভারে মাহমুদউল্লাহ ও জাকের আলী দাপুটে ব্যাটিংয়ে স্বাগতিকদের হতাশ করেন। ৭৪ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন তারা। জাকের ৪০ বলে ৪৮ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। শেফার্ড তিনটি ও জোসেফ দুটি উইকেট নেন।









