ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএনডিপি'র রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএনডিপি'র বিদায়ী স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, তিনি পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি'র বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি'র আগ্রহকে স্বাগত জানান। এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউএনডিপি'র মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।










