জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংসদীয় ব্যবস্থাকে আরো প্রাণবন্ত ও কার্যকর করতে তাদের সচেতনতা, দক্ষতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যক্তিগত সহকারীদের আইন, বিধি-বিধান ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহের প্রতিফলন ঘটেছে। এতে গণতান্ত্রিক চর্চা আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনায় ব্যক্তিগত সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে তাদের সহকারীদের ওপর আস্থা রাখেন এবং পরামর্শ গ্রহণ করেন। দায়িত্ব পালনে সততা ও জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বাজেট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন। জনগণের করের অর্থ কীভাবে সুষমভাবে বণ্টন করে উন্নয়ন নিশ্চিত করা যায়—সে বিষয়ে ব্যক্তিগত সহকারীদের ধারণা থাকা প্রয়োজন। একইসঙ্গে বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সংসদ সদস্যদের অবহিত করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।