ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সম্রাট হোসেন (২১) নামের এক যুবককে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আহত সম্রাটের পিতা বাবলু মিয়া বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
জমাকৃত এজাহার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বৈডাঙ্গা গ্রামের সামছুল মিয়ার ছেলে সাকিল (২২) ও হযরত আলীর ছেলে রাশেদের (২০) সঙ্গে সম্রাটের বিরোধ চলে আসছিল।
গত মঙ্গলবার বিকালে সম্রাট ইজিবাইকযোগে বাড়ি থেকে ডাকবাংলো বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সাগান্না গ্রামের ষাটতলাপাড়া এলাকায় পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা সাকিল, রাশেদ ও তাদের সহযোগী শান্ত, মামুন, সিহাবসহ আরো কয়েকজন তার গতিরোধ করে। সে সময় তাকে ইজিবাইক থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে তারা। এতে সে গুরুতর আহত হয়। সে সময় তাকে উদ্ধার করতে এলে সঙ্গে থাকা আলামিন ও বাপ্পি নামের দুজনকেও মারধর করা হয়। হাতুড়ির আঘাতে অচেতন হয়ে গেলে প্রতিপক্ষরা সম্রাটের কাছে থাকা ইজিবাইক কেনা ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করেন চিকিৎসরা।
আহত সম্রাটের পিতা বাবলু মিয়া বলেন, আমার ছেলেকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করেছে। তার কাছ থেকে টাকাগুলোও ছিনিয়ে নিয়ে গেছে। এসবের সঙ্গে জড়িত বৈডাঙ্গা এলাকার আশিক। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।










