বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) ৬৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় চা শিল্পের বিভিন্ন অমীমাংসিত সমস্যা সমাধান এবং জাতীয় অর্থনীতিতে খাতটির অবদান আরো জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।
বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের ভাইস চেয়ারম্যান নিহাদ কবিরসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা সালমান ইস্পাহানি, মো. মোস্তাফিজুর রহমান, তাহসিন আহমেদ চৌধুরী, এম জহিরুল ইসলাম, আসিফ মঈন, এইচএসএম জিয়াউল আহসান, সাজিদ আবদুল্লাহ চৌধুরী ও মঞ্জুর ইলাহীসহ চা বাগানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় চেয়ারম্যান গত এক বছরে সংগঠনের কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়াদি অনুমোদন করা হয়।
কামরান টি রহমান বলেন, চা বাগান ও চা শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখায় বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশীয় চা সংসদ।
চা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য সংগঠনের সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
সভায় কামরান টি রহমান আশা প্রকাশ করেন, আগামী বছরে চা শিল্পের বিদ্যমান অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে অগ্রগতি হবে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দেশের অন্যতম প্রাচীন এ শিল্পের অবদান আরও জোরালো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।










