নারায়ণগঞ্জ শহরের বেপারীপাড়া এলাকায় মারধরের শিকার হয়ে মোশারফ হোসেন ফকির (৫০) নামে এক চা দোকানদার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তাকে মারধর করেন এক ব্যক্তি। পরে দুপুরের দিকে মারা যান তিনি। এ ঘটনায় কাউসার নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। 

নিহতের স্বজনরা জানান, কাউসার নামে ওই যুবক মাঝেমধ্যেই মোশারফের দোকানে চা খেয়ে টাকা দিতেন না।বৃহস্পতিবার সকালেও তিনি চা চাইলে মোশাররফ বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোশারফের মুখ ও বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন কাউসার। মার খেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারফের মরদেহের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় নিহতের স্বজনদের মামলা করার কথা রয়েছে। তবে তার আগেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।