রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। আজ বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পার্টি অফিসে ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টায় ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে যাওয়ার পর আবারো আগুন লাগায় উপস্থিতি ব্যক্তিরা।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন দেয়া হয়েছিল। পুরো মাসজুড়েই চলে লুটপাট। কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন লাগানো হয়েছিল। সেখানেও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। তখন থেকে ভবন তিনটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রাস্তায় যান চলাচল সীমিত রয়েছে। বেশ কিছু জায়গায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।









