দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্য প্রয়োজনীয় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার ও নির্বাচনের তারিখ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’।
শনিবার (২৪ মে) বর্তমান রাজনৈতিক সংকট নিরসন প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে দলটি।
‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের টানাপোড়েন ও প্রধান উপদেষ্টার পদত্যাগের সম্ভাবনা বাংলাদেশকে মহাসংকটের প্রান্তে এনে ফেলেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন অশান্ত, সংস্কার প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য যখন দীর্ঘসূত্রতায় কণ্টকিত, স্বৈরাচারের দোসরদের বিচার যখন শ্লথ, তখন রাষ্ট্রীয় নেতৃত্বে কোনো শূন্যতা দেশের সার্বভৌমত্বকেই ঝুঁকির ভেতর ফেলবে।
চব্বিশের গণঅভ্যুত্থান একটি ন্যায্য রাষ্ট্র তৈরির যে সম্ভাবনা আমাদের সামনে নিয়ে এসেছিল নেতৃত্ব শূন্যতা আমাদেরকে শুধু সে সম্ভাবনা থেকে বঞ্চিত করতে পারে তা নয়, সার্বিক অরাজকতা উপস্থিত হলে নাগরিক জীবনের মান, স্বৈরাচার আমলের চাইতে নিম্নস্তরে নিয়ে ফেলার সম্ভাবনা তৈরি হবে। পরাজিত শক্তির উত্থানের সম্ভাবনাও সৃষ্টি হবে।
জাতির এ গভীর সংকটকালে জাতীয় স্বার্থে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নিচের সুপারিশ ও দাবিগুলো তুলে ধরেছে:
১। প্রধান উপদেষ্টা যাতে কোনোক্রমেই পদত্যাগের পথ বেছে নিয়ে জাতিকে বিপদের মুখে ঠেলে না দেন।
২। প্রতিরক্ষা বাহিনী যাতে বেসামরিক নেতৃত্বের জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে ওঠা থেকে বিরত থাকে।
৩। বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ সম্ভব করতে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে।
৪। ঐক্য কমিশন তার কার্যক্রম ত্বরান্বিত করে যাতে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে।
৫। স্বৈরাচারের দোসরদের বিচার দৃশ্যমান করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাতে দ্রুততম সময়ের মধ্যে দোসরদের বিচার কার্যক্রম সম্পন্ন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা মনে করি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া সম্ভাবনাকে বাংলাদেশ হারিয়ে যেতে দিতে পারে না। সে কথা সামনে রেখে সব পক্ষের এ সময়ের জাতীয় দায়িত্ব হচ্ছে ঐক্যের সম্ভাবনাগুলো লালন করা ও সে লক্ষ্যে উদ্যোগ নেয়া। রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশকে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে নিয়ে যেতে ওপরের পাঁচটি প্রস্তাবের পক্ষে তাদের সমর্থন এবং উদ্যোগ জারি রাখতে সব দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছে।










