শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে।’
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা।‘
তিনি আরো বলেন, ‘এই দিনে বিএনপির পক্ষ থেকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হলো। পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ এবং গণতন্ত্র ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো।’
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের আগ মুহূর্তে, জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। পরিকল্পিতভাবে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার নৃশংস চেষ্টা চালায়। সেই শোকাবহ স্মৃতি স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।










