নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় ত্রাণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত শতাধিক মানুষ। এসময় প্রায় ২ ঘণ্টা যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ত্রাণের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় তারা।

আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ করে কুতুবপুর ইউনিয়নের ত্রাণ বঞ্চিতরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, লকডাউনের কারণে কর্মহীন হয়ে যাওয়ায় তারা এখন তীব্র খাদ্য সঙ্কটে রয়েছেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের এ ব্যাপারে জানিয়েও কোন সাহায্য পাননি তারা। সে কারণেই অবরোধ করেছেন তারা।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, আমরা এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মাঝে ত্রান পৌঁছে দিতে পেরেছি। আজকে সন্ধ্যায় আরো দেড় হাজার পরিবারের ত্রাণ আসবে। যা আগামীকালের মধ্যে পৌঁছে দেয়া হবে।

তিনি আরো জানান, এ ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের তালিকা করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে খাদ্য সংকটে রয়েছে ৭০ থেকে ৮০ হাজার মানুষ। সে অনুযায়ী সরকারি প্রদত্ত ত্রাণের পরিমাণ খুবই কম। তিনি বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছি না। সরকারি ত্রাণ যদি পর্যাপ্ত না আসে তাহলে আমাদের কি করার আছে?’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ত্রাণের দাবিতে সকালে ফতুল্লা স্টেডিয়ামের সামনে কিছু লোক বিক্ষোভ করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়।