চব্বিশের গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর চাকসু প্রতিনিধিরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় আইন অনুষদে দায়িত্বে ছিলেন হাসান মোহাম্মদ রোমান শুভ। খবর পেয়ে চাকসু প্রতিনিধিরা আইন অনুষদে তাকে ধরতে যান। এ সময় পালানোর চেষ্টা করলে চাকসুর আইন সম্পাদক ফাজলে রাব্বি তাওহীদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ও নির্বাহী সদস্য সোহানুর রহমান তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায়। তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলছে।

চাকসুর আইনবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, জুলাই আন্দোলনের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভর বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা করেন। আইন অনুষদের এক শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ছাত্রলীগকে সরাসরি সহায়তা দিতেন এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে দিকনির্দেশনা দিতেন।