দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৯৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হামে আক্রান্ত হয়েছে ৫৪ শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হামের উপসর্গে ঢাকায় এক, সিলেটে এক, ময়মনসিংহে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর মধ্যে। এ সময় হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬২ হাজার ২৯২ শিশু বাড়ি ফিরেছে।










