বাবার ও স্বামীর বাড়ির পাশাপাশি এবার জন্মস্থান থেকেও প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক এ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীতে হলেও তার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে। আর স্বামী জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায়।
নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। আগে পাঁচটি আসনেও ভোট করা যেতে। বিভিন্ন সময় খালেদা জিয়াও পাঁচটি আসনে নির্বাচন করেছেন। কখনো তিনি হারেননি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-৬ আসন থেকে তিনি ভোটের মাঠে নামবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয়া হয়েছে ঠাকুরগাঁও-১ আসনে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আব্দুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।
ঘোষিত তালিকায় দলের প্রভাবশালী নেতাদের মধ্যে পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লা বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন। এছাড়া নোয়াখালী-৪ আসনে জয়নুল আবদিন ফারুক, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, সিলেট-৬ আসনে এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন ভিপি জয়নাল, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান, নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, লক্ষ্মীপুর-২ আসনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।









