স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সরকারের নানা পদক্ষেপগুলোর একটি হলো কক্সবাজারে উদ্বোধন করা নবনির্মিত কমিউনিটি ক্লিনিক। কক্সবাজারসহ দেশের অন্যান্য স্থানে সরকারের এ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অংশ নিয়েছে। কক্সবাজারের টেকনাফে আইওএম নির্মাণাধীন ১২টি ক্লিনিক গতকাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কক্সবাজারে ১০ লাখের অধিক রোহিঙ্গা বসবাস করায় স্থানীয় জনগোষ্ঠী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। কিন্তু বর্তমান সরকার স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায়। তাই কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন হাওলাদার, মহাপরিচালক অধ্যাপক আবুল বশর মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান আব্দুস সাত্তার, বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।










