খুলনা চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৩ জন। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালে দুইজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন করোনায় আক্রান্ত,বাকি তিনজন উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। 

ডা. সুহাস বলেন, সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২০১ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়ালো জোনে ২৭ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে সাতজন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। 

হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আট জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১০ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন পাঁচ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।