বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের দুটি বাসের মধ্যে প্রতিযোগিতায় একটি বাসের ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী দুটি বাস জব্দ করলেও চালক ও হেলপার পলাতক। নিহতরা হলেন আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। যানচালাচল স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সকালে সোনারগাঁওয়ে কাঁচপুর ওভারব্রিজের উপরে একে অপরকে পাল্লা দিয়ে গতি বাড়াতে থাকে। এক পর্যায়ে বোরাক পরিবহনের বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করার সময় হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছন দিকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপার করা তিন পথচারী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তিন জনের মধ্যে আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে আটকে চেষ্টা চলছে।










