অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান মির্জা ফখরুল। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি। গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেশে যে সমস্যা চলছে এটা মূলত গণতন্ত্রের অভাবে হচ্ছে। যত দ্রুত ড. ইউনুস গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। আমরা বলেছি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, অসংখ্য ছাত্র, শ্রমিক আহত হয়েছে। এ দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট শিশুও আহত হয়েছে। ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি ছাত্রদের স্যালুট ও অভিবাদন জানাই।