ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল চারটার সময় চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ষোলশহর রেলস্টেশনে জড়ো হন। সেখান বিকাল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধের পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, চট্টগ্রাম জেলার সমস্বয়ক রিজাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচির পর একটি মিছিল চট্টগ্রামের দুই নম্বর গেইট হয়ে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, স্বৈরাচারের দোসররা রাষ্ট্রপতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনঃবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতদিন তিনি পদত্যাগ না করবেন ততদিন আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিবাদী সরকারের দোসরদের কোনোভাবেই দেশে নতুন করে অবস্থান নেয়ার সুযোগ করে দেয়া হবে না। রাষ্ট্রপতি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন ও তাদের আমলাদের টিকিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে মহামান্য রাষ্ট্রপতি আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। দরকার হলে বঙ্গভবন ঘেরাও করা হবে। আপনাকে আল্টিমেটাম দেয়া হচ্ছে আপনি দ্রুতই পদত্যাগ করেন।

তারা বলেন, আমরা একসঙ্গে দেশ পুনর্গঠনে কাজ করে যাব। শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতাদের দ্রুত গ্রেফতার করা না হলে হাটহাজারী থানা ঘেরাও এবং পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষণাও দেন।