লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ১১টি দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সকালে পৌর শহরের চকবাজার এলাকার এসব দোকান খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠেছে উল্লেখ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
তবে ব্যবসায়ীদের দাবি, জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন তারা। কোনো ধরনের পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় চরম ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি উচ্ছেদ অভিযানে অংশ নেয়া প্রশাসনের কেউ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন তারা। ২০১৭ সালে সড়ক প্রশস্তকরণের নামে তাদের ইজারা নবায়ন বন্ধ করে দেয় জেলা পরিষদ। এরপর গত ২৭ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নোটিস পান তারা।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সেলফোনে জানান, রাস্তা প্রশস্তকরণের দাবির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ৪ শতাংশ জমির জন্য সওজ বিভাগের আবেদন গ্রহণ করে জেলা পরিষদ। রাস্তা ছাড়া বাকি সম্পদ জেলা পরিষদেরই মালিকানাধীন থাকবে বলে জানান তিনি।










